
নরসিংদীর মাধবদীতে বাবার সামনে থেকে আমেনা (১৫) নামে এক তরুণীকে তুলে নিয়ে যায় ৬ যুবক। পরে এক সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা মাধবদীর বিল পাড়ে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তরুণী বাবা মো. আশরাফ বলেন, বুধবার রাত ৮টার দিকে মেয়েকে নিয়ে খালার বাড়িতে যাচ্ছিলেন তিনি। বরই তলা রাস্তায় পৌঁছালে নূরা-সহ ৬ যুবক তাদের গতিরোধ করে এবং আমেনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। রাতে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। ১৫ দিন আগেও তাকে পাঁচজন মিলে ধর্ষণ করার ঘটনা ঘটে। পরে স্থানীয় আহম্মেদ মেম্বার বিষয়টি সমাধান করেন। গতকাল রাতেও মেম্বার ওই তরুণীকে খুঁজে বের করে দেবেন বলে আশ্বাস দেন। কিন্তু সকালেই তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে মাধবদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে আজ সকাল ৯টায় ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। আমেনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় এক যুবক নুরার সাথে নিহত আমেনার অনেক দিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ১০-১২ দিন আগে তাদের সাথে অনৈতিক সম্পর্ক হয়েছিল। ওই সময় স্থানীয় মেম্বার এ ঘটনাটি মীমাংসা করে দিয়েছিলেন। তখন থানায় কেউ অভিযোগ করতে আসেনি। সেই যুবক নুরা গতকাল রাতে আমেনাকে জোরপূর্বক বাবার কাছ থেকে তুলে নিয়ে যায় বলে জানান তার বাবা।